ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১২:৩৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১২:৩৫:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত থেকে তিনি করেছেন ২৪২ রান। টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি তিনি। এমন ইনিংসের পর সাধারণত সংবাদ সম্মেলনে আসাটাই স্বাভাবিক। তবে পুরো দিন ব্যাটিংয়ের ধকল থেকেই হয়তো, গেল দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেননি হৃদয়। তিনি আজ এসেছেন ক্যামেরার সামনে। সম্প্রচার প্রতিষ্ঠানকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের অনুভূতি।

তিনি বলেন, ‘সত্যি বলতে, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্নটা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত। হয়তো আমার প্রত্যাশার চেয়েও একটু আগে পূরণ হয়েছে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’ ২২ রানে ২ উইকেট হারিয়েছে দল, এমন মুহূর্তে তিনি এসেছিলেন ক্রিজে। এরপর ১৮৪ রানে ৭ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে শেষ ২ সঙ্গীকে নিয়ে স্কোরবোর্ডে আরও ২০২ রান যোগ করেন হৃদয়। প্রথম ইনিংসে বাংলাদেশ যেখানে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল, সেখানে হৃদয়ের এই ইনিংস দলকে এনে দেয় ৩০ রানের লিড। এমন ইনিংস নিয়ে হৃদয়ের বার্তা সহজ। তিনি বলেন, ‘আপনি যখন টেস্ট ক্রিকেট খেলবেন, তখন দলের জন্য নিজের সেরাটা দিতে হবে।

যখনই কোনো সুযোগ আসবে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।’ ইনিংসের কৃতিত্বের ভাগ তিনি দুই সতীর্থকেও দিয়েছেন। হৃদয় বলেন, ‘তাইজুল ও তাসকিন খুব ভালো খেলেছে। ওরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, তাতে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি।’ সিলেটে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন হৃদয়। সামনে তার লম্বা পথ। কত দূর যেতে চান, এ প্রশ্নে তিনি নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলেননি। তার জবাব, ‘আপাতত আমার কোনো লক্ষ্য নেই। শুধু দলের যা প্রয়োজন, সেটাই করতে চাই।

আগেও বলেছি, যখনই সুযোগ পাই, দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, দলের যা প্রয়োজন হবে, আমি সেভাবেই খেলার চেষ্টা করব।’ বাংলাদেশ ক্রিকেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তাওহিদ হৃদয়

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]