নিজের রূপ দেখালেও ঢাকলেন বরের মুখ, কেন এমন করলেন পারশা?

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১২:০৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১২:০৯:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

হালের শ্রোতাপ্রিয় তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ঘর বেঁধেছেন—এমন গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়ে নিজের বিয়ের খবরটি বেশ রহস্যজনকভাবে প্রকাশ করেছেন এই তারকা। বরের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি পোস্ট করে তৈরি করেছেন এক দারুণ আলোচনা। জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তার জীবনসঙ্গীর আক্দ বা প্রাথমিক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে সেই মুহূর্তে গায়িকার পরিবার উপস্থিত থাকতে না পারলেও বরের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের একটি ছবি শেয়ার করেন পারশা। ছবিতে তাকে বরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও, বরের মুখটি ছিল একটি সুন্দর ফুল দিয়ে পুরোপুরি ঢাকা। কিন্তু কেন এই লুকোচুরি? রসিকতার ছলে পারশা তার ক্যাপশনে লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই।’

পাশাপাশি, বরের পরিচয় নিয়ে তাকে বা তার পরিবারকে বিব্রত না করার বিনীত অনুরোধও জানিয়েছেন তিনি। ছবিতে পুরুষের মুখ ঢেকে রাখার এই অভিনব সিদ্ধান্তের পেছনে একটি বিশেষ বার্তা রয়েছে। পারশার মতে, সমাজে নারীর ঘোমটা দেওয়া বা মুখ ঢাকা যতটা স্বাভাবিক, পুরুষের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করা এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই তিনি এমনটি করেছেন। জানা যায়, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে

দুজনের পরিচয় হয়, যা পরে প্রেমে গড়ায়।
আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ট বন্ধুদের নিয়ে বড় পরিসরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এই নবদম্পতির।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]