নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরের কালিন্দীপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাও ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, চিংকিউ রোয়াজার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড দমন এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।