নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা-২০২৬’ অর্জন করেছেন। গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬ উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তাঁর সহযোগিতায় রতনদী তালতলী ইউনিয়ন ২০২৬ সালের জুলাই মাসে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্মনিবন্ধনে সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। এ অবদানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শংকর হাওলাদারের এ অর্জনে রতনদী তালতলী ইউনিয়নসহ গলাচিপা উপজেলায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, তাঁর এ স্বীকৃতি তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনরত অন্যান্য গ্রাম পুলিশকেও জনসেবায় আরও উৎসাহিত করবে।