রাবিতে মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১১:৩৪:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১১:৩৫:৩০ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান, নৃত্য এবং তাঁদের রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে দুই কবির সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক নুসরাত জাহান রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁদের সৃষ্টি ও কর্মের মাধ্যমে বাংলা সাহিত্য ও উপমহাদেশের ইতিহাসে অনন্য অবদান রেখে গেছেন।

সাম্য, মানবতা, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের শুধু জন্মজয়ন্তীতে নয়, নিজেদের চিন্তা, বিশ্বাস ও কর্মের মধ্য দিয়ে প্রতিনিয়ত স্মরণ করতে হবে। উপাচার্য আরও বলেন, মহিলা ক্লাবের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। সংগঠনটির কার্যক্রমের উত্তরোত্তর উৎকর্ষতা কামনা করে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মহিলা ক্লাবের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি সানজিদা আহমেদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ভিন্নধারার কবি হলেও বাংলা সাহিত্য ও মানবতার জগতে দুজনই সমানভাবে গুরুত্বপূর্ণ। নজরুলের সাম্য, বিদ্রোহ ও মানবতাবাদী চেতনা এবং রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন আমাদের আলোকিত সমাজ গঠনে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, নারী সমাজের সাংস্কৃতিক বিকাশ, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নারীরা শুধু সংস্কৃতির দর্শক নয়, বরং সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার নেতৃত্বেও এগিয়ে আসবে। রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. আমীরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছাবেরুজ্জামান, মহিলা ক্লাবের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]