নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে গুলি ও রাবার বুলেট ছুড়ে আহত অবস্থায় ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার পর থেকে ওই যুবক জীবিত আছেন নাকি মারা গেছেন—তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় সীমান্তবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর সীমান্তের বিপরীতে ভারতের পুটিখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনিরুল হরিহরনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মনিরুলসহ সাতজনের একটি দল সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যায়। এ সময় ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন অংশে রাবার বুলেটের আঘাতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা অন্য ছয়জন তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী খালের পানিতে ঝাঁপ দিয়ে বাংলাদেশ সীমানায় ফিরে আসতে সক্ষম হন। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে নিয়ে যায়।
মনিরুলের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা হলেন : একই এলাকার রাশেদ (৩২), আনিছ (৩৫), সোহান (২৫), শাওন (২৬), মিন্টু (৩৮) এবং মশিয়ার (৪০)।
হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, শুক্রবার সন্ধ্যার পরপরই সীমান্তের কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পরে জানা যায় মনিরুলকে বিএসএফ গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে গেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে ভারতীয় বা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে গুলি করে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন এবং পুলিশ বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছে।
এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক (টু আই সি) মেজর তাহসিন জানান, হরিহরনগর সীমান্তে বিএসএফের গুলি বর্ষণ ও একজনকে ধরে নিয়ে যাওয়ার তথ্য তাদের কাছে এসেছে। তবে আটক ব্যক্তির সুনির্দিষ্ট পরিচয় পুরোপুরি নিশ্চিত করতে তথ্য সংগ্রহ চলছে।
সীমান্তে অনাকাঙ্ক্ষিতভাবে গুলি চালানোর প্রতিবাদ জানাতে এবং আটক যুবকের বিষয়ে সুরাহা করতে বিএসএফকে জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।