রাবিতে ব্যাডমিন্টন কোর্ট তৈরি নিয়ে সং'ঘ'র্ষ, ত'দ'ন্তে'র নির্দেশ প্রশাসনের

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১২:১৩:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১২:১৫:১৮ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বানও জানানো হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক পরিস্থিতিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত গভীর উদ্বেগ ও গুরুত্বের সাথে গ্রহণ করেছে। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের প্রতি

সহমর্মিতা জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের আশু সুস্থতা কামনা করছে। তদন্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, সহাবস্থান,

পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ, উত্তেজনা কিংবা পারস্পরিক সম্পর্কের অবনতি বিশ্ববিদ্যালয়ের কাম্য নয়। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করা হবে। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলা হয়, এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও বিভাগের প্রতি ধৈর্য ধারণ, সংযম বজায় রাখা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সকলের সহযোগিতা প্রত্যাশা করছে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও সতর্ক করছে যে, তদন্ত চলাকালে কিংবা পরবর্তীতে কোনো পক্ষের উসকানি, উত্তেজনা সৃষ্টি বা সংঘাতের মাধ্যমে পরিস্থিতির অবনতি ঘটলে সংশ্লিষ্টদের দায়দায়িত্ব নির্ধারণ করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি নিয়ে উক্ত দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে

বিরোধের সূত্রপাত হয়। একই স্থানে দুই বিভাগের শিক্ষার্থীরাই কিছুদিন আগে কোর্ট কেটেছিল বলে দাবি করতে থাকে। পরে একই জায়গায় নতুন করে কোর্ট তৈরির উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ঘটনার একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হয় এবং পরে মারামারির ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]