ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:০২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:০৪:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হিসেবে নির্বাচিত আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে দলের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অধিবেশনে তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। দলের সেক্রেটারি জেনারেল ও ঢাকা মহানগরী অঞ্চলের পরিচালক,সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা ও মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর সব মহানগরী ও জেলায় আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য দলের একটি নির্বাচন কমিশন রয়েছে এবং কমিশনের বিধি অনুযায়ী সারাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭৯টি সাংগঠনিক শাখার মধ্যে ৭৭টি শাখার আমীর নির্বাচনের ফলাফল গত ৪নভেম্বর আমীরে জামায়াত ঘোষণা করেছেন। সেই নির্বাচনে বাংলাদেশের রাজধানীর গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা ঢাকা মহানগরী উত্তর। রুকন ভাই-বোনদের ভোটে আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য মোহাম্মদ সেলিম উদ্দিনকে আমীর হিসেবে নির্বাচিত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর অন্তর অধস্তন সংগঠন গুলোর দায়িত্বশীল নির্বাচন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৭ ও ২০২৮ মেয়াদকালের নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সারাদেশে প্রায় দেড় লাখ নারী-পুরুষ রুকন নিজ নিজ শাখায় ভোট দিয়ে এ নির্বাচনে ভূমিকা
রেখেছেন।

গত ৪ নভেম্বর আমরা চূড়ান্তভাবে নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেছি। ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ১৩ হাজার ভোটার ২০২৭-২০২৮ সেশনের জন্য আমীর নির্বাচনে ভোট প্রদান করেন। পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে গত ৪ অক্টোবর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাসুম নির্বাচনের ফলাফল আমীরে জামায়াতের কাছে হস্তান্তর করেন। সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং ২০০৪-২০০৫ সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং

ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত রমনা থানা আমীর, ২০১২-২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি এবং ২০১৭-২০২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবেও তিনি আলোচিত। তিনি একজন দক্ষ সংগঠক, বেশ কয়েকটি বইয়ের লেখক ও মানবতাবাদী নেতৃত্ব। চলতি মাসের মধ্যে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা গঠন করা হবে। শূরা সদস্যরা রুকনদের গোপন ভোটে নির্বাচিত হবেন। মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে নির্বাচিত আমীর কর্মপরিষদ গঠন করবেন এবং প্রয়োজনীয়সংখ্যক নায়েবে আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি মনোনয়ন দেবেন। এরপর থানা আমীর নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি মাসের মধ্যে থানা/উপজেলায় এবং ডিসেম্বরের

মাঝামাঝি সময়ের মধ্যে ইউনিট পর্যন্ত দায়িত্বশীল মনোনয়ন সম্পন্ন করতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তা প্রেরক মু. আতাউর রহমান সরকার কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]