‘লজ্জাজনক’ হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৭:২৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৭:২৬:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

লজ্জাজনক হারে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের দেওয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় যুবা টাইগাররা। এতে ১১৩ রানের বড় জয় পায় আফগানরা। 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে তারা।

 

আফগানদের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শাহ ফয়সাল রহিমি। ৯৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া তাহির সারওয়ার ৪৩ বলে ৩৭ এবং নোমান সালারজাই ১৯ বলে ১৬ রান করেন। বাংলাদেশের হয়ে ৪১ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন তাফিউল আলম তামিম।

 

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দলটি। এরপরও একপ্রান্তে লড়াই চালিয়ে যান এসকে জারিফ সিয়াম। ৫৮ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি।

 

এছাড়া রবিউল হাসান অনিক ৪৭ বলে ৩৩ এবং রুবায় ইসলাম রিজন ১৪ বলে ২১ রান করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৫.৫ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয় বাংলাদেশ।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]