নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে পুকুরের মাছ চুরির অভিযোগে নাঈম হোসেন (১৩) নামে এক শিশুকে হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা।
সর্বশেষ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দায়ের করা মামলায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বুধবার রাতে এই নির্যাতনের ঘটনা ঘটে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার বিপ্লব বোয়ালদাড় গ্রামের সাঈদ আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামের একটি পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। চুরির অভিযোগ এনে পুকুরের মালিক সাখাওয়াত হোসেনসহ কয়েকজন ব্যক্তি শিশু নাঈম হোসেনকে আটক করে। এ সময় নাঈমের হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এরপর বুধবার রাতে শিশুর বাবা ফয়জার হোসেন বাদী হয়ে পুকুরের মালিকসহ ৬ জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় মামলা করে। মামালার জেরে পুলিশ বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করে।
হাকিমপুর থানার ওসি মো. বাদশাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় শিশু নির্যাতনের মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।