বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি: মার্কিন রাষ্ট্রদূত

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৫:১৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৫:১৮:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

পারস্পরিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার রূপরেখা হিসেবে অভিহিত করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, এ চুক্তি মূলত বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, এ চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা সম্ভব। যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা পণ্য ও সেবা সরবরাহ করে, যার সঙ্গে যুক্ত থাকে উচ্চমানের উদ্ভাবন ও আন্তর্জাতিক উত্তম চর্চা। কোনো দেশে মার্কিন কোম্পানি কার্যক্রম পরিচালনা কিংবা বিনিয়োগ শুরু করলে সেখানে মানসম্মত ও ভালো বেতনের কর্মসংস্থান তৈরি হয়।

পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য এসব সুযোগ উন্মুক্ত করার পথ তৈরি করছে। বাণিজ্য তখনই সবচেয়ে ভালো কাজ করে, যখন তা ন্যায্য, পারস্পরিক এবং দৃশ্যমান ফলাফল বয়ে আনে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য, সেবা, উদ্ভাবন, আন্তর্জাতিক উত্তম চর্চা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ প্রত্যক্ষভাবে উপকৃত হতে পারে।

তিন দিনব্যাপী এই ট্রেড শোর আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]