মিরপুরে শ্রমিক বি'ক্ষোভে গ্রেপ্তার অর্ধশতাধিক, ৩০ জনই কার্যক্রম নি'ষিদ্ধ দলের নেতাকর্মী: পুলিশ

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০২:০৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০২:০৭:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন ও বিশৃঙ্খলার ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীর সংখ্যাই ৩০ জনের বেশি।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, মিরপুরের সার্বিক পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত রয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলেও প্রশাসনের কঠোর সতর্কতার কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারেনি। গতকালের ত্রিপক্ষীয় সভার ইতিবাচক সিদ্ধান্তের ফলে অধিকাংশ শ্রমিক কাজে ফিরেছেন। এরপরও কেউ নতুন করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা শক্ত হাতে দমনে পুলিশ প্রস্তুত রয়েছে।

 

এদিকে সকালে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাইজিং গ্রুপের একটি কারখানায় প্রায় তিন থেকে চার হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল পৌনে ১০টার দিকে কাজ বন্ধ করে তারা বাইরে বেরিয়ে আসেন এবং কারখানার সামনের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন।

 

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক জানান, সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছিলেন, পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে তারা বেরিয়ে যান। এ সময় কিছু শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা বা ভাঙচুর ঘটেনি।

 

সকাল থেকেই মিরপুর-১০ ও ১১ নম্বর গোলচত্বরসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। সকালের পর থেকে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।











 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]