নীরবেই ঢাকায় পর্দা উঠছে সাফ ফুটবলের, হামজাকে ছাড়াই নামছে বাংলাদেশ

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:০৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:১০:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার ফুটবল উৎসব বলা হয় সাফ চ্যাম্পিয়নশীপকে। টুর্নামেন্টটির ভেন্যু যেখানেই হোক না কেন, একটা উৎসবের আমেজ বিরাজ করে। তবে এবার তেমন উন্মাদনা নেই, উল্টো সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার চিত্র যেন সর্বত্র। বাফুফে-সাফের মধ্যে ইঁদুর-বিড়াল খেলায় এক গোলকধাঁধার সাফে পরিণত করেছে। নানা বিতর্কের মধ্যেই অনেকটা নীরবেই আজ ঢাকায় পর্দা উঠছে ১৫তম আসরের। টুর্নামেন্টটির একদিন আগেও ব্যানার, ফেস্টুন সেভাবে চোখে পড়েনি। এমনকী এবার হচ্ছে না ট্রফি উন্মোচন অনুষ্ঠানও। যদিও উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে সংগীত পরিবেশনা ছাড়াও আতশবাজি, বিশেষ আলোকসজ্জা এবং অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি পর্বসহ নানা আয়োজন থাকতে পারে। এবারের টুর্নামেন্টের আগে টিকিটের দাম নিয়েও বিতর্ক হচ্ছে। সাফে হামজা-জামালদের ম্যাচ দেখতে সমর্থকদের ন্যূনতম এক হাজার টাকা গুণতে হবে সাধারণ গ্যালারির জন্য। ক্লাব হাউজ, ভিআইপি, রেড বক্সের দাম আরও কয়েকগুণ। সাধারণ গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা হওয়ায় সাবেক ফুটবলার থেকে শুরু করে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ ছাড়া একই দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশও। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। আট বছর পর

বাংলাদেশে ফিরেছে এই টুর্নামেন্ট। ২০০৩ সালে সর্বশেষ শিরোপা জেতা বাংলাদেশ আবারও শিরোপা জিততে মুখিয়ে আছে। তবে থমাস ডুলির শিষ্যদের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। ২০০৫ সালে রানার্সআপ হওয়া বাংলাদেশ এরপর আর অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগ তাদের জন্য বড় প্রেরণা হলেও প্রত্যাশার চাপ সামলানোও হবে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। শিরোপায় চোখ রাখছেন কোচ ডুলিও। তার মতে, বাংলাদেশকে আর আন্ডারডগ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অধিনায়ক তপু বর্মণও কোচের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে একমত পোষণ করে বলছেন, ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ জয়ের সুযোগ কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়রা। তবে প্রথম ম্যাচে দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততার কারণে তিনি খেলতে পারছেন না। হামজার অনুপস্থিতিতে বাকি খেলোয়াড়দের, বিশেষ করে মিডফিল্ডার ও আক্রমণভাগের সদস্যদের ওপর বাড়তি দায়িত্ব
পড়বে।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই তাদের নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে। সাফের আগে বাংলাদেশের আরেকটি উদ্বেগের বিষয় সীমিত প্রস্তুতি। স্বল্প সময়ের অনুশীলন ক্যাম্পে পূর্ণাঙ্গ কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি তারা। ফলে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলোয়াড়দের সমন্বয় ও একাদশের কার্যকারিতা যাচাই করার সুযোগ কম পেয়েছেন কোচিং স্টাফরা। অন্যদিকে, বাংলাদেশকে আটকে রেখে ইতিবাচক ফল দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় ভুটান। দলটির প্রধান কোচ গ্যারি ফিলিপস ও অধিনায়ক চেনচো গিয়েলতশেন নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। ঘরোয়া লিগের সূচির কারণে নির্ধারিত সময়ের আগে খেলোয়াড়দের একত্র করতে না পারায় তাদের প্রস্তুতিও কিছুটা বাধাগ্রস্থ হয়েছে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’-তে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের ম্যাচ দুটি। ফাইনাল হবে ১৭ নভেম্বর। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। তাই স্বাগতিক বাংলাদেশের জন্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বিশেষ গুরুত্বপূর্ণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]