তেলাপোকা ভরা ঘরে খাবার তৈরি, মানিকগঞ্জে তিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৮:৪১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৮:৪১:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের পাশাপাশি খাবার তৈরির স্থানে ক্ষতিকর তেলাপোকার উপদ্রব পাওয়ায় মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটিকে আগামী তিন দিন খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 

অভিযান সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে খাবারের মান, প্রস্তুতপ্রক্রিয়া এবং পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের খাবার তৈরির স্থানে তেলাপোকার উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। পাশাপাশি খাবার প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলো ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এমন পরিবেশেই মিষ্টিসহ বিভিন্ন খাবার তৈরি ও বিক্রির প্রস্তুতি চলছিল।

 

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় আল আমিন সুইটস অ্যান্ড হোটেলকে ১০ হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মিষ্টি মুখ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান তিনটিকে আগামী তিন দিন খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার প্রস্তুতের দায়ে মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম ও ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]