ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৩:৪৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৩:৪৫:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। একই মাসে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকরা।

 

বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

 

তিনি বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিত আকারে উপস্থাপন করবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো নির্ধারণ ও কার্যকর করা হবে। জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

 

উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।

 

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।

 

মালিকপক্ষের প্রতিনিধি বলেন, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই।

 

উল্লেখ্য, পোশাক শ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]