মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড, আবেদন করবেন যেভাবে

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:৪৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:৪৫:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মনের মানুষের খোঁজে থাকা অবিবাহিতদের জন্য ব্যতিক্রমী এক ভ্রমণ আয়োজন করেছে ফিনল্যান্ড। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ ‘ব্লাইন্ড ডেট’ কর্মসূচিতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সিঙ্গেল প্রাপ্তবয়স্কদের কাছ থেকে আবেদন নিচ্ছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। নির্বাচিত ১৬ জনের বিমানভাড়া, থাকা-খাওয়া ও ভ্রমণের যাবতীয় ব্যয় বহন করবে আয়োজকরা।

 

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ আয়োজনের মাধ্যমে বিদেশি পর্যটকদের ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা হবে। ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কর্মসূচি।

 

আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা দেশটির ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেবেন এবং হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের তামপেরে শহরে স্থানীয় অবিবাহিতদের সঙ্গে দলীয় নৈশভোজে অংশ নেবেন। বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুমসহ স্থানীয় উপাদানে তৈরি খাবার থাকবে মেনুতে। ফিনল্যান্ডের কয়েকজন শীর্ষস্থানীয় শেফ এসব নৈশভোজের খাবার প্রস্তুত করবেন।

 

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ফিনিশ খাবারের সঙ্গে দেশটির সুখী জীবনযাপনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। খাবারের মধ্য দিয়ে মানুষ, প্রকৃতি, ঋতু ও স্থানীয় সংস্কৃতির মধ্যে সংযোগ তৈরি হয়। এ আয়োজনের মাধ্যমে ভ্রমণকারীদের ফিনিশ সংস্কৃতির সঙ্গে ভিন্নভাবে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করতে চায় কর্তৃপক্ষ।

 

‘সিংকুকোরি’ নামের একটি স্থানীয় ডেটিং রীতি থেকে এ আয়োজনের ধারণা নেওয়া হয়েছে। ফিনল্যান্ডের কিছু সুপারমার্কেটে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করেন সিঙ্গেল ক্রেতারা। এর মাধ্যমে তারা অন্যদের জানান, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া বা সম্ভাব্য রোমান্টিক সম্পর্কে আগ্রহী তারা।

 

ভিজিট ফিনল্যান্ডের মতে, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাবার আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও ফিনিশ রন্ধনশিল্প তুলনামূলকভাবে কম আলোচিত। সাওনা সংস্কৃতির সঙ্গে খাবারের সম্পর্ক এবং বন থেকে প্রাকৃতিক উপাদান সংগ্রহের ঐতিহ্য দেশটির খাদ্যসংস্কৃতিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে সেই অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে চায় সংস্থাটি।

 

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া
ফিনল্যান্ডের বাইরে বসবাসকারী বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত প্রাপ্তবয়স্করা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে।

আগ্রহীদের ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে—‘একটি ডিনার ডেটে আপনি কী পরিবেশন করবেন এবং কেন?’ এরপর ভিডিওটি নিজের পাবলিক ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশ করতে হবে। পোস্টে ‘হ্যাশট্যাগ ফিনিশ ডিনার ডেট’ ব্যবহার করার পাশাপাশি ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করতে হবে।

 

ফিনল্যান্ডের স্থানীয় সময় ১০ নভেম্বর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।

 

নির্বাচিতদের বিমানভাড়া, আবাসন, খাবার এবং পুরো ভ্রমণ কর্মসূচির ব্যয় বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। ফলে অংশগ্রহণকারীদের কোনো খরচ ছাড়াই ফিনল্যান্ডের খাদ্যসংস্কৃতি উপভোগের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]