‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:৩৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:৩৮:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দেশের পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন এনসিপি নেতা। 

 

মঙ্গলবার (৩ নভেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সমালোচনা করেছেন তিনি।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্ল্যানের অভাব নেই, অভাবটা বোধহয় বাস্তবতার সঙ্গে প্ল্যানের মিলের। নিত্যপণ্যের দাম বাড়ছে, বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ আসছে, জ্বালানি তেল আর গ্যাসের দাম বাড়ছে। কার্ডেরও অনেক গল্প চলছে। সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক।

 

এসব কি প্ল্যানের মধ্যেই ছিল, নাকি প্ল্যানের বাইরে চলে যাচ্ছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, জ্বালানি সংকটের সমাধান না হওয়া, প্রধানমন্ত্রী, এমপি ও মন্ত্রীদের সমালোচনার জেরে ৩০ জন নাগরিককে গ্রেপ্তার, মিরাজ শেখের গুম হওয়ার ঘটনা এবং গুমের স্বাধীন তদন্ত নিয়ে প্রশ্ন ওঠা, এসবও কি প্লানের অংশ?

 

জনগণকে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করিয়ে এখন সেই ভোটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা, এটাও কি প্ল্যানের অংশ ছিল? গণভোটে প্রায় ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের রায়ের বাস্তবায়ন কোথায়? 

 

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কি জনগণের সম্মতির ভিত্তিতে গড়ে উঠবে, নাকি নিজেদের সুবিধামতো সাজানোর পাঁয়তারা চলছে?

 

র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে পোশাক আর লোগো পাল্টে এসআরবি গঠন! বাহিনীর নাম বদলালেই যদি সংস্কার হয়, তাহলে পুরোনো ব্যবস্থাকে নতুন মোড়কে ফিরিয়ে আনার নাম কী? সংস্কার, নাকি প্রতিশ্রুতির সঙ্গে দ্বিচারিতা?

 

প্ল্যান শুনতে শুনতে জনগণের এখন একটাই প্রশ্ন, দেশ চলছে প্ল্যান অনুযায়ী, নাকি প্ল্যান চলছে দেশের বাস্তবতা থেকে পালিয়ে?’





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]