হিজলায় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৪:৩৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৪:৩৮:৪৩ অপরাহ্ন
হিজলা (বরিশাল) প্রতিনিধি:

শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বরিশালের হিজলায় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছঁয়গাঁও বহুমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিবির দপ্তর সম্পাদক মোঃ সোহাগ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান, হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোজাম্মেল হক ভূঁইয়া, ছঁয়গাঁও বহুমুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলী আহমদ, হিজলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বশিরুল্লাহ এবং হিজলা থানা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মুসা ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই মেধা বিকাশের পাশাপাশি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ক্যারিয়ার গঠনে সচেষ্ট হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

করেন তারা। গাইডলাইন সেশন শেষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরবর্তীতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]