সিনেমা পরিচালনা করবেন হিমেশ, হতে চান সুপারস্টার অভিনেতাও

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১২:৩৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১২:৩৮:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তবে তিনি একজন সুপারস্টার অভিনেতা হওয়ার স্বপ্নও দেখছেন। সম্প্রতি কমল নাহতার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন হিমেশ। 

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হিমেশ জানিয়েছেন যে তার পরিচালিত প্রথম চলচ্চিত্রের চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত।

 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, তার পরিচালিত সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বলে আত্মবিশ্বাসী তিনি। গানে আসার আগে হিমেশ একসময় সিরিয়াল প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে নির্মাণের খুঁটিনাটি বেশ ভালো জানা আছে তার। 

 

হিমেশ বলেন, ‘এটা শতভাগ নিশ্চিত যে ভবিষ্যতে হিমেশ রেশমিয়া পরিচালিত সিনেমা দেখতে পাবেন দর্শক। আমি যখন সিরিয়াল প্রযোজনা করতাম, সিরিয়ালের জন্য গান বানাতাম, তখন সবাই জিজ্ঞেস করত—আমি কখনো সংগীত পরিচালক হব কি না। সংগীত ও চলচ্চিত্রে এত কিছু অর্জনের পর এবার পরিচালনায় হাত দিতে চাই। 


আমার পরিচালিত সিনেমার ক্যানভাস কতটা বিশাল হবে, দর্শকদের সঙ্গে আবেগের সংযোগ কীভাবে তৈরি হবে আর গানগুলো কেমন হবে-এসব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট।’

 

হিমেশ আরও জানান ইতোমধ্যে তার কাছে দু-তিনটি চিত্রনাট্য প্রস্তুত রয়েছে এবং সেগুলো ব্লকবাস্টার হওয়ার মতো উপাদান দিয়ে তৈরি। সিনেমার গানগুলো এতটা হৃদয়গ্রাহী হবে যে শুধু এর জোরে মুক্তির প্রথম দিনে সিনেমাটি ১০০ কোটি রুপি ব্যবসা করবে।

 

তবে নিজের পরিচালিত সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন হিমেশ। তাতে অন্য কোনো অভিনেতাকে দেখা যাবে। অন্যদিকে তিনি যেসব সিনেমায় অভিনয় করবেন, সেগুলো অন্য পরিচালকেরা নির্মাণ করবেন। অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবল জেদ রয়েছে হিমেশের। 

 

সুপারস্টার অভিনেতা হওয়ার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাকে সুপারস্টার অভিনেতা হতেই হবে। আজ না হোক কাল, এটা হবেই। অমিতাভ বচ্চনের ১৩ নম্বর সিনেমাটি হিট হয়েছিল। আমি এ পর্যন্ত ১২টি সিনেমায় অভিনয় করেছি। তাই আমার বিশ্বাস, ১৩ নম্বর সিনেমাটি নিশ্চিত ব্লকবাস্টার হতে চলেছে।’

 







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]