নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটকরা হলেন: টেকনাফ সদর ইউনিয়নের উত্তর জালিয়াপাড়ার মৃত শাহাব উদ্দিনের ছেলে আব্দুল খালেক (২৫), সৈয়দ হোসেনের ছেলে নূর ফয়সার (২৫), ফয়েজ রহমানের ছেলে মিজানুর রহমান (২৪) এবং উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত বদিউর রহমানের ছেলে হাফেজ আহম্মদ (২৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫), কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।
তিনি জানান, ১ নভেম্বর দুপুরের দিকে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও ২ বিজিবি, টেকনাফ ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বিআরএম-৫ সীমান্ত পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্টসংলগ্ন নাফ নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় আভিযানিক দল চারজনকে আটক করতে সক্ষম হয়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট জব্দ করা হয়। একই সঙ্গে মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে বলে জানান এসআরবি-১৫-এর মিডিয়া কর্মকর্তা।