মাদ্রাসা শিক্ষার্থীর আলিম পাসে পরিবারে আনন্দ, পরদিনই থামলো বাসচা'পায়

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:২৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:২৭:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মাত্র এক দিন আগে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষার্থীদের ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফলে লক্ষ্মীপুরের লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পরীক্ষার্থী সাকিব ব্যাপারী (২১) উত্তীর্ণ হয়। দেশজুড়ে খারাপ ফলাফলের মধ্যেও সাকিব উত্তীর্ণ হওয়ায় আনন্দ ছড়িয়ে পড়েছিল তার পরিবারে। কিন্তু সড়ক দুর্ঘটনায় সাকিবের মৃত্যুর মধ্য দিয়ে সেই আনন্দ বিষাদে রূপ নিল পরদিনই।

 

রোববার (১ নভেম্বর) দুপুর ১টায় রামগঞ্জ পদ্মা বাজার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় সাকিব ব্যাপারীসহ তাকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দিয়ে একটি বাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

নিহত সাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারি বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদেশে এইচএসসির ফলাফল চরম বিপর্যয়ের মাঝেও সাকিব ব্যাপারী আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে ‍উচ্ছ্বাস ও আনন্দ ছড়িয়ে পড়ে। কিন্তু সে আনন্দ স্থায়ী হয়নি। ফলাফল ঘোষণার পরদিনই রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় বিআরটিসি বাসচাপায় নিহত হন সাকিব ব্যাপারী।

 

আরও জানা গেছে, সাকিব রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বিআরটিসি বাসচাপায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে আগেই তার মৃত্যু হয়। এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

 

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে ফোর্স রয়েছে। এই ঘটনার বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। 

 






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]