নিজস্ব প্রতিবেদক
রবিবার ভোরেই মারাত্মক পথ দুর্ঘটনা৷ পঞ্জাবের জলন্ধরে মৃত্যু হল জনপ্রিয় গায়ক হানি সিংয়ের ভাইপো এবং পাঞ্জাবি মিউজিক সংস্থা স্পিড রেকর্ডসের মালিকের ছেলের। রবিবার ভোরে একটি পুরনিগমের দাঁড় করানো ট্রাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিদিত ওলক এবং আরভ তালওয়ার নামে দুই যুবকের।
মৃত বিদিত ওলক গায়ক হানি সিংয়ের ভাইপো। তিনি স্পিড রেকর্ডসের মালিক দীনেশের ছেলে। অন্যদিকে, আরভ তালওয়ার পাঞ্জাবের জনপ্রিয় মিষ্টির দোকান পাপ্পি সুইটসের মালিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলন্ধরের পুলিশ লাইনস এলাকার কাছে একটি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। তাঁদের ভক্সওয়াগন গাড়িটি বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাচ্ছিল। সেই সময় উড়ালপুলের উপর দাঁড় করানো একটি ট্রাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
বারাদারি থানার ওসি সাহিল চৌধুরী জানিয়েছেন, রবিবার ভোররাত প্রায় ৩টে নাগাদ দুর্ঘটনার খবর পায় পুলিশ। সেই সময় পুরনিগমের সাফাইকর্মীরা উড়ালপুলে পরিষ্কারের কাজ করছিলেন। আবর্জনা সংগ্রহের জন্য রাস্তার উপর ট্রাক্টর-ট্রলিটি দাঁড় করানো ছিল। সেই ট্রলিতেই ধাক্কা লাগে গাড়িটির।
ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনার সময় ভক্সওয়াগন গাড়িতে মোট পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে বিদিত ওলক এবং আরভ তালওয়ারের মৃত্যু হয়েছে। বাকি তিনজন ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তবে মৃতদের পরিবারের সদস্যরা আর কোনও আইনি পদক্ষেপ করতে চাননি। এরপর দেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টও করেন গায়ক ইয়ো ইয়ো হানি সিং।