লংমার্চ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘ'টনা, নি'হত ১

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৬:৩৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৬:৩৩:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় লংমার্চফেরত নেতাকর্মী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে জামায়াত ও ছাত্রশিবিরের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন।

 

শনিবার (৩১ অক্টোবর) রাত আটটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বাস সাতক্ষীরার দিকে ফিরছিল। পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির বাস রাস্তা পার হওয়া পথচারী আব্দুল খালেককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে লংমার্চের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসে থাকা অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হন।

 

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন।

 

জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, খুলনার লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে তাদের নেতাকর্মীভর্তি বাসটি খাদে পড়ে যায়। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]