সাতক্ষীরায় পৃথক সড়ক দু'র্ঘ'ট'নায় নি'হ'ত ২, আ'হ'ত ৫০

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৬:০৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৬:০৮:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে পাটকেলঘাটায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হন।

 

অন্যদিকে, জেলার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে পাটকেলঘাটা বাজার মোড়সংলগ্ন এলাকায় বাস দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি (সিলেট-জ ১১-০৬৯০) পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করছিল। এ সময় মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়দের পরিচিত এক ব্যক্তি হঠাৎ বাসটির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসের চাপায় ওই পথচারীর মৃত্যু হয়। তার নাম আব্দুল খালেক। তিনি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় বাসে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা আহত হন। তাদের মধ্যে অধিকাংশের বাড়ি সাতক্ষীরা সদরে বলে জানা গেছে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

 

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা। তারা উদ্ধারকাজ তদারকির পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন।

 

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহত সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

 

অন্যদিকে, একই দিন শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় জামাত আলী মোড়ল (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ক্লিনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]