হবিগঞ্জে মজুরি ব'ন্ধ, অনাহার অর্ধাহারে দিন কাটছে শ্রমিক পরিবারের

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৫:১৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৫:২১:২৪ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জ জেলায় দেউন্দি টি কোম্পানির আওতাধীন চারটি চা-বাগানের শ্রমিকদের গত তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ রয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। শিশু ও বৃদ্ধসহ অনেক শ্রমিক পরিবারের সদস্যরা অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বকেয়া মজুরি পরিশোধ ও অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে বাগানে একের পর এক কর্মসূচি পালন করেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে রোববার (১-নভেম্বর)২০২৬ দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছেন শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন

চা-শ্রমিক নেতারা। এ সময় দেউন্দি, লালচান্দ, নোয়াপাড়া ও মৃত্তিকা চা-বাগানের শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বকেয়া মজুরি পরিশোধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, বাগান কর্তৃপক্ষের কাছে এরিয়ার (বকেয়া পাওনা) বাবদ জনপ্রতি ৪ হাজার টাকা করে পাওনা রয়েছে। চারটি বাগানের ১৫ হাজার শ্রমিকদের এ খাতে মোট পাওনার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। এ ছাড়া শ্রমিকদের মজুরি থেকে কর্তন করা প্রভিডেন্ট ফান্ড এবং মালিকপক্ষের অংশসহ মোট ৪৭ মাসের টাকা জমা দেওয়া হয়নি। ফলে শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাগানগুলোর চিকিৎসাব্যবস্থাও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ওষুধ সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। পাশাপাশি শ্রমিকদের বাসস্থান, ঘরবাড়ি, দরজা-জানালা ও ঘরের ছাউনি নির্মাণ এবং পূর্ণ মেরামতের কার্যক্রমও বন্ধ রয়েছে। চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, ২০২২ সাল থেকে চা-বাগানগুলোর বিদ্যমান

সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে একাধিকবার সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা গুলোতে মালিকপক্ষ নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করা হচ্ছে। এ অবস্থায় চা-শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত দেউন্দি টি কোম্পানির আওতাধীন চারটি চা-বাগানের সব সমস্যা সমাধান, বকেয়া মজুরি ও পাওনা পরিশোধ এবং পিএফের বকেয়া চাঁদা জমা দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]