নিজস্ব প্রতিবেদক
নিজের রাজনৈতিক আদর্শে অবিচল থাকার কারণে ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং একাধিক সিনেমা ও বিজ্ঞাপনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী পোনি বর্মা। শনিবার (৩১ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সাংবাদিক প্রেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোনি বর্মা ২০১৭ সালে প্রকাশ রাজের ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, সেই ঘটনায় প্রকাশ ‘সম্পূর্ণ বিধ্বস্ত ও ভেঙে পড়েছিলেন’। এই ঘটনার পর নীরব না থেকে তিনি সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন।
প্রকাশ রাজের নির্ভীক অবস্থানের কথা উল্লেখ করে পোনি বর্মা বলেন, ‘আমরা সবাই জানি প্রকাশ একজন নির্ভীক মানুষ। তেলুগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তাকে একাধিকবার নিষিদ্ধ করা হয়েছে। তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি কিছু বিষয়ে বিশ্বাস করেন এবং শতভাগ নিষ্ঠার সঙ্গে তা করেন। অগ্রিম অর্থ দেওয়ার পরও মানুষ কেবল পেছানোয় একাধিক সিনেমা হাতছাড়া হয়েছে।’
স্বামীর পেশাগত ক্ষয়ক্ষতি নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি জানি ইন্ডাস্ট্রিতে তার কাজ কতটা প্রভাবিত হয়েছে। যেভাবে বিজ্ঞাপনগুলো চলে গেল, সিনেমাগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তিনি তার পেশায় প্রচুর কষ্ট সহ্য করেছেন। কিন্তু তিনি বলেন, আমার বিবেক বলে যা ঘটছে তা ভুল, তাই আমার এটি মেনে নেওয়া উচিত নয়।’
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ মিছিলে যোগ দেওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে পোনি বর্মা জানান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ দেখে তিনি ‘ভেঙে পড়েছিলেন এবং ভীত হয়েছিলেন’। তবে প্রকাশ রাজ অবিচল থেকে তাকে বলেন, অন্তত আন্দোলনকারী শিক্ষার্থীদের মায়েরা জানবেন, তিনি তাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন।
নিট প্রশ্নপত্র ফাঁস, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর বিরোধী আন্দোলন এবং সিজেপি নেতাদের আটকের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়াও প্রকাশ রাজ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন। শনিবার এক ভিডিও বার্তায় তিনি সবাইকে দিল্লিতে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের গণতন্ত্র রক্ষায় আগামীকাল দিল্লির প্রতিবাদে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগ দিন।’
চলচ্চিত্রের ক্ষেত্রে প্রকাশ রাজকে সর্বশেষ দেখা গিয়েছিল অজয় দেবগনের ব্লকবাস্টার ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমায়। বর্তমানে এসএস রাজামৌলির ‘বারাণসী’ এবং বিনয় কুমার সিরিগিনীডির ‘জি২’ সিনেমায় তার অভিনয় করার কথা রয়েছে।