নওগাঁয় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, ৭৮ যুব উদ্যোক্তার মাঝে ৮৯ লাখ টাকার ঋণ বিতরণ

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০২:১৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০২:১৮:০৭ অপরাহ্ন
রায়হান সাপাহার নওগাঁ (প্রতিনিধি)

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ৭৮ জন যুব উদ্যোক্তার মাঝে মোট ৮৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর, নওগাঁর আয়োজনে শহরের যুব ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, নওগাঁর উপপরিচালক মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে বেকার যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৭৮ জন যুব উদ্যোক্তার মাঝে ৮৯ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। জাতীয় যুব দিবসের এ আয়োজন তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ গঠনে এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]