৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:৪৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:৪৫:১৫ অপরাহ্ন
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের সহযোগী সংগঠন ‘রসায়ন সমিতি’র উদ্যোগে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৩৮ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায়

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রসায়নবিষয়ক জ্ঞান, আগ্রহ ও মেধা বিকাশের সুযোগ তৈরি হয়। জানা যায়, প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চল থেকে মোট ৬৮০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে ৬৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিম্পিয়াডের সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অলিম্পিয়াডে

দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী মোন্তাছির ভূঁইয়া বলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই পড়াশোনায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়ার মতো অবস্থানে ছিলাম না। নিজেকে একজন সাধারণ শিক্ষার্থী মনে করি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ভালো করার সম্ভাবনাই বেশি মনে হয়েছিল। নিজের অবস্থান নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। কিন্তু ফলাফলে দ্বিতীয় হওয়ার পর অনুভূতিটা ছিল অসাধারণ। বাবা-মাকে যখন বিষয়টি জানাই, তখন আবেগ ধরে রাখতে পারিনি।’ বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘রসায়ন শুধু ল্যাবের বিভিন্ন বিক্রিয়া বা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে রসায়ন জড়িত। সকালে আমরা যে খাবার খেয়ে থাকি, তার উপাদান থেকে শুরু করে সুস্থ থাকার জন্য কী পরিমাণ খাবার গ্রহণ করা উচিত, সবকিছুতেই রসায়নের ভূমিকা রয়েছে।’ তিনি বলেন, ‘আজকের অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা নয়, বরং রসায়নকে জনপ্রিয় করা এবং এর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। এবারের অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এটা প্রমাণ করে, রসায়নের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।’ প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, ‘রসায়নের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়া খুবই প্রশংসনীয় এবং এটি মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখবে। তবে বর্তমান পরীক্ষার ফলাফল আসলে খুবই হতাশাজনক, যা শিক্ষাব্যবস্থার অবস্থাকেই প্রকাশ করে। বিশেষ করে মোবাইল ফোন হলো বর্তমানে পড়ালেখার প্রধান শত্রু। আমি একে “শয়তানের বাক্স” বলি। এটি পড়ালেখা ও ভালো ফলাফল থেকে দূরে সরিয়ে রাখছে। শিক্ষার্থীদের দায়িত্ব হলো মোবাইল ফোন ব্যবহারে সচেতন হওয়া।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যেকোনো জ্ঞান অর্জনের জন্য প্রথমে ভালো টেক্সটবই এবং দ্বিতীয়ত ভালো শিক্ষক প্রয়োজন, কারণ তাঁরা হলেন জ্ঞানের বাতিঘর। এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে প্রতিদিন তোমাদের নিয়মিত ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতে হবে। তবেই তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল আসবে।’ অনুষ্ঠানে সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে রসায়ন ও বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির বিকাশে কেমিস্ট্রি অলিম্পিয়াড একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পাঠ্যবইয়ের প্রচলিত শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীরা যেন রসায়নকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারে এবং রসায়নের নতুন কিছু জানার ও আবিষ্কারের আগ্রহ অর্জন করে এ আয়োজনের মাধ্যমে

আমরা সেই সুযোগ তৈরি করতে চাই।’ তিনি আরও বলেন, ‘কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। এ আয়োজন সফল করতে বাংলাদেশ রসায়ন সমিতি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসনীয়। আমরা আশা করি, এ অলিম্পিয়াডের মধ্য দিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো মেধাবী শিক্ষার্থী তৈরি হবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]