সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:২৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:২৬:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনার তদন্তে এসেছে নতুন মোড়। জানা গেছে, টঙ্গীর মাজার বস্তিতে যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি, এ সময় তার সঙ্গে ছিলেন এক তরুণী এবং জুনিয়র বন্ধু দীপ। ওই তরুণীকে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা তাহসিফের বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান তাহসিফ ও তার বান্ধবী। তারা একটি মোটরসাইকেলে এসেছিলেন। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ।

 

মোটরসাইকেল পার্ক করে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে চলে যান। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তার বান্ধবী লিফটে উঠছেন। এ সময় তারা দীপের জন্য অপেক্ষা করছিলেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারের লিফটে ওঠেন। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর আবার মোটরসাইকেলে করে বেরিয়ে যান।

 

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরে তাহসিফ সাউরির বান্ধবীকে তার বাসায় নামিয়ে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে ওই রাতের চলাচল ও বিভিন্ন স্থানে তার অবস্থানের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। এ বিষয়ে কোনো মন্তব‍্য করেননি তদন্তসংশ্লিষ্টরা।

 

এদিকে, শনিবার তাহসিফের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]