‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:২০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:২০:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তিনি বলেন, ‘কোনো ধরনের রাগঢাক না রেখে এবং লোকদেখানো মনোভাব থেকে বের হয়ে প্রকৃত চিত্র তুলে ধরার যে সাহস বিএনপি সরকার দেখিয়েছে, তাকে সাধুবাদ জানাই।’

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর নামে একটি স্থানীয় পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। 

 

সারজিস বলেন, ‘গতবারের তুলনায় রেজাল্টের পাসের হার এবার আরও কমেছে, প্রায় ৫২ শতাংশ এবং জিপিএ ৫-এর সংখ্যা মনে হয় বিগত ১০ বছরের মধ্যে যে দু-একটায় রেজাল্ট সবচেয়ে কম ছিল, এবার সেই কমটা ২৪ হাজারের মতো প্রায়। এটা আসলে প্রকৃত চিত্র।’

 

তিনি বলেন, ‘এক বিষয়ে ফেইল করেছে প্রায় ৩ লক্ষ শিক্ষার্থী এবং দুই বিষয়ে ফেইল করেছে মোট প্রায় সাড়ে ৪ লক্ষের মতো শিক্ষার্থী। তাদেরকে আবার পরীক্ষার সুযোগ দেওয়া হবে অল্প কিছুদিন এর মধ্যেই, যেন তাদের বছর নষ্ট না হয়। আমরা এই উদ্যোগটিকেও সাধুবাদ জানাই।’

 

এসময় তিনি আরও জানান, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এমন গুঞ্জনকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে সত্যিই যদি শেখ হাসিনা দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে। 

 

সারজিস আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।’

 

তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। তাদের ক্ষোভ কতটা তীব্র, তাদের সঙ্গে সরাসরি কথা বললেই তা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি তৈরি হতে পারে।’





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]