কুড়িগ্রামের ৯ কলেজে একজনও পাস করেননি

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৪:৪৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৪:৪৯:৫৩ অপরাহ্ন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

মোঃ জাকারিয়া হোসেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। বোর্ডের প্রকাশিত ফলাফলে শূন্য পাসের হার থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এসব প্রতিষ্ঠানের মোট ৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯টি প্রতিষ্ঠান কুড়িগ্রাম জেলায়। বোর্ডের ফলাফল অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—রৌমারী

উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজের ২৪ জন, নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজের ১৫ জন, রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীহাট কলেজের ১০ জন এবং একই উপজেলার সিঙ্গার ডাবরীর হাট বি. এল. হাই স্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থী। এ ছাড়া নাগেশ্বরী উপজেলার কুটি পেয়ারা ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ৫ জন এবং চিলাখানা মডেল কলেজের ৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। উলিপুর উপজেলার হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৩ জন, চিলমারী উপজেলার দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের ২ জন এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থীও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পুরো কুড়িগ্রাম জেলার ফলাফলও সন্তোষজনক নয়। জেলায় মোট ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৫ হাজার ৬৮৩ জন ছাত্র এবং ৬ হাজার ৩৯ জন ছাত্রী। উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী। সে হিসাবে জেলায় পাসের হার ৪০ দশমিক ৭২ শতাংশ। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রদের

পাসের হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৪৫ দশমিক ২১ শতাংশ। জেলায় মোট ১৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁদের মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতির মতো বিষয়গুলো খারাপ ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার মধ্যে ৪০ দশমিক ৭২ শতাংশ পাসের হার নিয়ে কুড়িগ্রামের অবস্থান ষষ্ঠ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]