এইচএসসির ফল প্রকাশ আজ, কমতে পারে পাসের হার ও জিপিএ-৫

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০১:২৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০১:২৮:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে আসতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

 

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, এবার পাসের হার এবং সর্বোচ্চ ফল অর্জনকারীর সংখ্যা-দুটিই গত বছরের তুলনায় কম হতে পারে।

 

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে তুলনামূলক বেশি সময় ও পরিশ্রম প্রয়োজন হয়েছে। সিলেবাসের পরিধি বড় হওয়ায় অনেক শিক্ষার্থীকে বাড়তি চাপ সামলাতে হয়েছে। এ ছাড়া গতানুগতিক প্রশ্নের পরিবর্তে অভিন্ন ও মানসম্মত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় ফলাফলে প্রভাব পড়তে পারে।

 

খাতা মূল্যায়নের ক্ষেত্রেও আগের মতো বাড়তি নম্বর দেওয়ার পরিবর্তে যথাযথ মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারির কারণেও পাসের হার কমতে পারে বলে মনে করছেন তারা।

 

ফলাফলে প্রভাব ফেলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতাও। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এসব শিক্ষার্থী কলেজে ভর্তি হয়। ওই সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা ছিল। এর প্রভাবে অনেক শিক্ষার্থী কলেজে নিয়মিত যাওয়া থেকে বিরত থাকে। পাশাপাশি শ্রেণিকক্ষে উপস্থিতি ও পড়াশোনার প্রতিও কারও কারও অনীহা তৈরি হয়। এসব পরিস্থিতির প্রভাব এবারের পরীক্ষার ফলেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]