১ ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব : প্রতিমন্ত্রী

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১০:৪১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১০:৪৩:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দেশের হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে আগামী ১ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখি মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ‘লোকজ সাংস্কৃতিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী এ উৎসবে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীতের পাশাপাশি ভাটিয়ালী, জারি, সারি, লোকসংগীত ও বাউলসংগীত পরিবেশিত হবে। থাকবে পিঠা উৎসব, ঘুড়ি ওড়ানোসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী আয়োজন। এর পাশাপাশি তরুণ প্রজন্মের ব্যান্ড সংগীতও উৎসবের অংশ হবে। তিনি বলেন, গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক উপাদানগুলো পুনরুজ্জীবিত করা এবং দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও গতিশীল করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

দেশের সংস্কৃতি বর্তমানে একটি বিপন্ন সময় পার করছে উল্লেখ করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় সংস্কৃতিসহ সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা জরুরি। প্রয়োজনীয় সহায়তা ও পরিচর্যার অভাবে সংগীত, নৃত্য, কবিতা এবং লোকজ সংস্কৃতির অনেক উপাদান বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একটি গাছ যেমন পরিচর্যা, সার-পানি ও সুরক্ষা ছাড়া বেড়ে উঠতে পারে না, তেমনি পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতিরও বিকাশ সম্ভব নয়। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অন্যান্য খাতের পাশাপাশি সাংস্কৃতিক খাতকেও গতিশীল করতে আগ্রহী। এ বিষয়ে তিনি বিভিন্ন সময়ে আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ আগ্রহ সাংস্কৃতিক অঙ্গনের জন্য ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক। বিজ্ঞাপন নজরুল বর্ষ উদযাপনের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, বর্তমানে দেশব্যাপী নজরুল বর্ষ পালিত হচ্ছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের আয়োজন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ে নজরুল বর্ষের অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ছাড়া ২০২৭ সালের মে মাস পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন কর্মসূচি চলবে। দেশের ঐতিহ্যবাহী

সাংস্কৃতিক ধারাগুলো সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাত্রা, সার্কাস ও বিভিন্ন শিল্পকর্মসহ ঐতিহ্যের সঙ্গে যুক্ত সব সাংস্কৃতিক মাধ্যমকে সুস্থ, সাবলীল ও রুচিশীলভাবে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মের মনন ও চেতনায় দেশের সংস্কৃতিকে ধারণ করার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে উঠবে। ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে তিনি বলেন, এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস ও

ঐতিহ্য গর্ব করার মতো। এখানকার ছেলে-মেয়েরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভালো পারফর্ম করে। তবে এ অঞ্চলের সাংস্কৃতিক সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন। প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতির বিকাশে সরকার ও মন্ত্রণালয় কাজ করছে। তবে এ উদ্যোগ সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]