সন্তানের মুখ দেখার আগেই সড়কে প্রা'ণ গেল আরিয়ানের

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০১:৪১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০১:৪২:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিয়ান পটুয়াখালীর বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন। নিহতের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান পেশায় জুতা ব্যবসায়ী ছিলেন। তিনি ফুটপাতে জুতা বিক্রি করতেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৩ টার দিকে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। সোহাগ মিয়া বলেন, স্থানীয় পথচারীরা আরিয়ানের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তাকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে আরিয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি

হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, এক বছর আগে মিম নামের এক তরুণীর সঙ্গে আরিয়ানের বিয়ে হয়। বর্তমানে মিম চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই এভাবে আরিয়ান

চলে গেলেন, বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]