অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৩:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার পরিচিত খলঅভিনেতা শিবা শানু এবার যুক্ত হলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। এ পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন এই অভিনেতা।

 

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী শিবা শানুকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

 

শিবা শানুর আসল নাম চৌধুরী মাজহার আলী। ঢাকাই সিনেমায় খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থাকলেও রাজনীতি ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

 

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে হলে প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত অনুযায়ী অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। সে ক্ষেত্রে শিল্পী সমিতির সভাপতির পদ নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো স্পষ্ট নয়।

 

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডে খলঅভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ সিনেমায় অভিনয় করেছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়।

 

চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এই অভিনেতার নতুন দায়িত্বে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা কীভাবে কাজে লাগে, এখন সেটিই দেখার বিষয়।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]