পরিবারের সম্মতিতে সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল শিল্পী সংঘ

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:১৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:১৫:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর তার চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে তারা।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় সহকর্মী ও ভক্তদের মধ্যে। ভিডিওগুলোতে কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে দেখা যায় অভিনেতাকে। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার বদলে তার চিকিৎসা ও সুস্থতার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান অনেকে।

 

এমন পরিস্থিতিতে অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ। শুরুতে পরিবারের সম্মতির অপেক্ষায় থাকলেও এবার সেই অনুমতি পেয়েছে সংগঠনটি।

 

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, সমু চৌধুরীর মায়ের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেও চিকিৎসার অনুমতি পাওয়া গেছে। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো চিকিৎসা সংগঠনটির তত্ত্বাবধানে হবে এবং এর সব খরচও তারাই বহন করবে।

 

সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ এবারই প্রথম নয়। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন অভিনয়শিল্পী সংঘের সদস্যরা। সে সময়ও তার চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরিবারের সম্মতি না মেলায় তখন আর সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

 

এবার পরিবারের অনুমতি পাওয়ায় নতুন করে শুরু হয়েছে অভিনেতার চিকিৎসার উদ্যোগ। দীর্ঘদিন ধরে অসুস্থ এই শিল্পীর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]