পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরশুরামপুরে রাস্তা নির্মাণ নিয়ে সরকারি বরাদ্দের ৩ লাখ টাকা সম্পর্কে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের সাত্তার মাস্টারের মেয়ে প্রবাসী মোছাম্মৎ সীমা বেগম নিজের অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে পরশুরামপুরের বোরকা পরা মসজিদ থেকে বাবু মিয়ার মুরগির খামার পর্যন্ত রাস্তার কাজ করিয়ে দেন।
এলাকাবাসীর দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ওই রাস্তার জন্যও সরকারি বরাদ্দ ছিল ৩ লাখ টাকা। তাহলে সরকারি বরাদ্দের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হয়েছে-এ প্রশ্ন এখন তাঁদের মুখে মুখে। প্রকৌশলী ও ঠিকাদারের ভূমিকা তদন্তের দাবি
সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের কাছে প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিল-ভাউচার এবং বরাদ্দের অর্থ ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। সরকারি অর্থের অপব্যবহার বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।
জনগণের অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুরাহা চান এলাকাবাসী।