হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাতে কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০২:৩৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০২:৪০:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ‘

হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোণা কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডাঃ মতিউর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফ ইমতিয়াজ। কর্মসূচিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও এর গুরুত্ব সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় সাবান দিয়ে ধাপে ধাপে হাত পরিষ্কার করার নিয়ম এবং কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সামনে হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করেন সংশ্লিষ্টরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যতের রূপকার। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রথম ও প্রধান ধাপ হলো হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা। শুধু খাওয়ার আগে বা শৌচাগার ব্যবহারের পর নয়, জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত জরুরি।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়েছে, যাতে তারা নিজেরা এ অভ্যাস মেনে চলার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে পারে। প্রতিটি শিশু যেন স্বাস্থ্য সুরক্ষায় একেকজন “হাত ধোয়ার নায়ক” হয়ে উঠতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।’ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]