নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের পেসার হারিস রউফ। আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত ২৫ অক্টোবর পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে এ ঘটনা ঘটে। পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভারের শেষ বলে শাদাব খানের বিপক্ষে স্যাম কারানের একটি শর্ট ডেলিভারিতে ওয়াইডের দাবি তোলেন নন-স্ট্রাইকে থাকা রউফ। আম্পায়ার সৈকত সংকেত না দেওয়ায় রউফ ক্ষুব্ধ হন এবং মিড-অনে থাকা ইংলিশ ফিল্ডার উইল জ্যাকসের দিকে ব্যাট উঁচিয়ে অসন্তোষ প্রকাশ করতে করতে এগিয়ে যান। আম্পায়ার সৈকত থামানোর চেষ্টা করলেও দুই ক্রিকেটারের মধ্যে তর্কযুদ্ধ শুরু হয়। পরে জো রুটের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী ‘খেলার চেতনার পরিপন্থী আচরণ’ করার দায়ে অভিযুক্ত হয়েছেন রউফ। ম্যাচ রেফারিদের আনা অভিযোগ রউফ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ১৪ মাসের মধ্যে এটি পাকিস্তানি এই পেসারের পঞ্চম ডিমেরিট পয়েন্ট। আগামী বছরের ১৩ সেপ্টেম্বরের মধ্যে তিনি আরও তিনটি ডিমেরিট পয়েন্ট পেলে ২৪ মাসের হিসেবে আট পয়েন্ট পূর্ণ হয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়বেন।
একই ম্যাচে মন্থর ওভাররেটের কারণে ইংল্যান্ড দলকেও জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে থাকায় দলটির প্রতিটি খেলোয়াড়কে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়, যা অধিনায়ক হ্যারি ব্রুক মেনে নিয়েছেন।