জবিতে আসছেন জেমস, প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে জমকালো আয়োজন

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৮:২৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৮:৩০:০২ অপরাহ্ন
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের পরিবেশনা। আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, দিনব্যাপী নানা

আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম প্রদর্শনী, আলোচনা সভা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে। দিনের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনা থাকবে। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে সংগীত পরিবেশন করবে নগরবাউল জেমস। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

প্রিয় শিল্পী জেমসের গান উপভোগ করতে মুখিয়ে রয়েছেন অনেক শিক্ষার্থী। এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]