কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দু'র্ধ'র্ষ ডা'কা'তি: লু'ট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রে'ফ'তা'র ২

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৩৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৪০:১৭ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত মালামালের মধ্যে প্রায় পাঁচ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান। পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার বোয়ালিয়া মোড়ের বিপরীত পাশে ‘সুবাহান এন্টারপ্রাইজ’ নামের ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে এ ঘটনা ঘটে। রাত ৩টা থেকে ভোর

৫টার মধ্যে দুর্বৃত্তরা দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল ও সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়। এ সময় দোকানের নগদ অর্থও লুট হয়। ঘটনার পর দোকানটির মালিক সালাউদ্দিন আকন্দ (৩৬) কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত করে ঘটনাটিকে ডাকাতি হিসেবে চিহ্নিত করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়। তদন্তের একপর্যায়ে ঢাকায় অভিযান চালিয়ে মো. রমজান (৪০) ও মো. মিলন মিয়া (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতবাড়ি ও ভাড়া নেওয়া দোকানে অভিযান চালিয়ে লুণ্ঠিত বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রমজানের বাড়ি ঢাকার বাড্ডা থানার বড় বেরাইদ হাড়াইলদিয়া এলাকায়। অপর গ্রেপ্তার মিলন মিয়া ঝালকাঠি সদর উপজেলার গাবা রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, ডাকাতির কাজে ব্যবহৃত

ট্রাকের পাশাপাশি লুণ্ঠিত মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি ছোট পিকআপও জব্দ করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপপরিদর্শক মাহমুদুল হাসান ও অপূর্ব কুমার বাইনসহ পুলিশের অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]