আইফোনের লো'ভে বন্ধুকে গলা কে'টে হ'ত্যা, ম'রদে'হ মিললো ডো'বায়

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১১:৪৭:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১১:৪৭:০৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিখোঁজের ৬ দিন পর নিহত যুবক তারেক মিয়ার (২২) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের বাড়ির সামনের রাস্তার উত্তর পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে তারেক ও সাহেল লাখাইয়ের ফুলবাড়িয়া গ্রামে আসেন। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত মোবাইল ফোনের প্রতি সাহেলের লোভ জন্মায়। পরে ২২ অক্টোবর রাতে তারেককে কৌশলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এরপর মরদেহটি গোপন করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে রাখা হয়।

 

এদিকে তারেক বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সাহেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে সাহেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার করে।

 

লাখাই থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]