‘হয় অর্থ, নয় র'ক্ত’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হু'ম'কি

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:৩৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:৩৬:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে মোবাইলে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে ‘হয় অর্থ, নয় রক্ত’ বলে হুমকি দেওয়া হয়। 

 

সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

 

আহসানারা বিনতে আহমেদের অভিযোগ, আসলাম শিকদার নামে এক ব্যক্তি তাকে মোবাইলে কল করেন। এ সময় তিনি নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। পূর্ণ পরিচয় জানতে চাইলে তিনি শুধু নিজের নাম আসলাম শিকদার এবং দলের নাম উল্লেখ করেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, ফোন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হয়। তবে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, ‘হয় অর্থ, নয় রক্ত’-এই দুটির যেকোনো একটি তাকে দিতে হবে।

 

অভিযোগ অনুযায়ী, হুমকিদাতাকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে তিনি আরও বেপরোয়া আচরণ করেন। পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান আহসানারা বিনতে আহমেদ। এ ধরনের প্রাণনাশের হুমকিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি সহায়তা পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবীর জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, হুমকি দেওয়ার ফোনটি গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে করা হয়েছিল।

 

ওসি আরও বলেন, বিভিন্ন ব্যক্তিকে ফোনে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার ঘটনা ঘটছে। দেশের বিভিন্ন স্থান থেকে একটি চক্র এসব কর্মকাণ্ড পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে। হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]