টঙ্গীতে শিশুকে যৌ'ন নি'পী'ড়ন : শাহজালাল রুমি দেশে নাকি বিদেশে, জানেন না আইনজীবী

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:২৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:২৫:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

টঙ্গীতে মাদরাসায় সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা শিশুটির বাবা শাহজালাল রুমি দেশে নাকি বিদেশে, তা জানা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মো. বেলাল হোসাইন। তবে মারধর, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে তার বিরুদ্ধে করা মামলায় আগাম জামিন চেয়ে রোববার (২৫ অক্টোবর) হাইকোর্টে আবেদন করা হয়েছে। এসময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানান শাহজালাল রুমির পক্ষে আইনি সহায়তা দেওয়া আইনজীবী মো. বেলাল হোসাইন ও এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান)।

 

বেলাল হোসাইন বলেন, আইনি সহায়তা নিতে গত রোববার শাহজালাল রুমি আমার চেম্বারে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। ওই দিন টঙ্গী পশ্চিম থানায় তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

 

শাহজালাল রুমি বিদেশে চলে গেছেন- এমন খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রোববার শাহজালাল রুমি জামিনের আবেদন করে গেছেন। এরপর তিনি দেশে আছেন, নাকি বিদেশে চলে গেছেন, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

 

অন্য আইনজীবী এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান) বলেন, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক। বিচারব্যবস্থার ওপর আস্থা রেখে আইনি পথেই তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত করতে চান।

 

যেভাবে ঘটনার সূত্রপাত

গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।

 

এরপর মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। পাল্টা মামলা দায়েরের পর থেকে শাহজালাল রুমির অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

 

তবে তার আইনজীবীর বক্তব্য অনুযায়ী, রোববার তিনি আগাম জামিনের আবেদন করতে আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন। বর্তমানে তিনি দেশে আছেন, নাকি বিদেশে, তা নিশ্চিত হওয়া যায়নি।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]