সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সং'ঘ'র্ষ, নি'হ'ত ১

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:৫০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:৫০:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডী হেতায়েদপুর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীরের সঙ্গে আছির উল্লাহর ছেলে কাশেমের জমিতে পানি সেচ ও মাছ ধরা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

সংঘর্ষের একপর্যায়ে আলমগীরের পক্ষের মতিউর রহমান সুলফির আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মুজিবুর (৩৮) ও আতাউর (৫০) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, মতিউর রহমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে সিলেটে পাঠানো হয়েছে।

 

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]