নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর ঘটনাস্থল থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রিসোর্টটির ধ্বংসাবশেষ থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ জানায়, ১০ জনের মরদেহের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হলেও নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) ডিএনএ নমুনার সঙ্গে উদ্ধার হওয়া কোনো মরদেহের নমুনার মিল পাওয়া যায়নি। ফলে আজ সকাল থেকে নিখোঁজ মুক্তার সন্ধানে রিসোর্ট এলাকায় আবারও তল্লাশি শুরু করে পুলিশ।
এ বিষয়ে উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।