গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বড় অংশে বিদ্যুৎ নেই

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৪:০৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৪:০৬:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সচিবালয়সহ রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এতে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

 

এদিকে সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ে বিদ্যুতের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) থেকে তাকে জানানো হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে।

 

তবে ঠিক কোন গ্রিডে বিপর্যয় ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। প্রাথমিকভাবে ধানমন্ডি-উলন গ্রিডে সমস্যার সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার সুনির্দিষ্ট কারিগরি কারণ এখনো শনাক্ত করা যায়নি। বিদ্যুৎব্যবস্থা পুনরুদ্ধারে প্রকৌশলীরা কাজ করছেন। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।

 

সংস্থাটি আরও জানিয়েছে, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

 

এদিকে রাজধানীর সচিবালয় ও আশপাশের এলাকা ছাড়াও মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁওসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]