মঞ্চে ইসরায়েলি পতাকা পদদলিত করে ‘মুক্ত হোক ফিলিস্তিন’ স্লোগান র‍্যাপারের

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:০২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:০২:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কনসার্টের মঞ্চে এক দর্শকের বাড়িয়ে দেওয়া ইসরায়েলের পতাকা হাত থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে পা দিয়ে মাড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক নারী সংগীতশিল্পী। ফিলিস্তিনের ওপর চলমান আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে এমন সাহসী ও তীব্র প্রতিক্রিয়া দেখানোয় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

 

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই শিল্পীর নাম চেলো হপ। তিনি লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার একজন জনপ্রিয় নারী র‍্যাপার।

 

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ ও ভারতের দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ সংগীত উৎসবে পারফর্ম করছিলেন চেলো হপ। মঞ্চে গান পরিবেশনের একপর্যায়ে দর্শকসারি থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে তার দিকে ইসরায়েলের একটি জাতীয় পতাকা এগিয়ে দেন।

 

পতাকাটি দেখতে পেয়েই ক্ষুব্ধ হন চেলো। তিনি কালক্ষেপণ না করে দর্শকের হাত থেকে পতাকাটি ছিনিয়ে নিয়ে সজোরে মাটিতে ছুড়ে ফেলেন এবং পা দিয়ে মাড়াতে শুরু করেন। এরপর পা দিয়ে লাথি মেরে পতাকাটি মঞ্চের একপাশে সরিয়ে দেন। একই সঙ্গে মাইক্রোফোনে তিনি স্প্যানিশ ভাষায় ‘পালেস্তিনা লিব্রে’ (মুক্ত হোক ফিলিস্তিন) বলে স্লোগান দেন।

 

চেলো হপ মূলত রাজনৈতিক সচেতনতামূলক, প্রতিরোধ আন্দোলন ও অধিকার আদায়ের গণমুখী গানের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত। ঘটনার দিন ওই মঞ্চেই তিনি তার বিখ্যাত ‘অ্যানাতোমিয়া’ গানটি পরিবেশন করছিলেন, যার কথায় উঠে এসেছে শোষিতের লড়াই ও প্রতিরোধের নানা দিক।

 

ঘটনার ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থি নেটিজেনরা গায়িকার এই পদক্ষেপকে ‘ন্যায়সংগত ঘৃণা প্রকাশ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে মঞ্চে জাতীয় পতাকা অবমাননার এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]