টাইগার নয়, হা'ম'লা'কারীদের লক্ষ্য ছিল আমির!

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৯:০৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৯:০৭:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে একের পর এক তথ্য সামনে আসছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুধু টাইগার নন, বলিউডের আরও কয়েকজন প্রথম সারির অভিনেতার বাড়ির আশপাশে নজরদারি চালানো হয়েছিল বলে জানা গেছে।তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার ও সালমান খানও।

 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য ছিলেন আমির খান। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। সূত্রের দাবি, আমিরের তুলনায় টাইগারকে প্রকাশ্যে বেশি দেখা যাওয়ায় তাকে নিশানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

আমিরের তৃতীয় বিয়ে এবং গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নামে হুমকির খবরও প্রকাশিত হয়েছিল। ওই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

ওই পোস্টে আমির খানের মতো ব্যক্তিদের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর প্রচারের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে দাবি করা হয়, এ ধরনের কর্মকাণ্ড তাদের সংস্কৃতি ও সনাতন ধর্মের পরিপন্থী।

পোস্টে আরও হুমকি দেওয়া হয়, তারকাখ্যাতির আড়ালে যারা এসব কর্মকাণ্ডের প্রচার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে পোস্টটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও দাবির সত্যতা তদন্তের বিষয়।

 

প্রতিবেদন অনুযায়ী, টাইসন বিষ্ণোই ও আরজু বিষ্ণোইয়ের নামে পরিচালিত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে হুমকিটি দেওয়া হয়েছিল। এর আগে জুলাই মাসেও আমির খান হুমকি পেয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়।

 

এদিকে টাইগার শ্রফের ওপর গুলির ঘটনায় শনিবার ইন্দোর থেকে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১। তবে হামলার পেছনের উদ্দেশ্য এবং পরিকল্পনা পরিবর্তনের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

 

ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন টাইগার, এমনটাই উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এ কারণে তিনি এখনো পুলিশের কাছে বিস্তারিত জবানবন্দি দেননি বলে খবর। তার বক্তব্য নিতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার একটি দল অভিনেতার বাড়িতে গিয়েছিল।

 

প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কর্মকর্তাদের কাছে টাইগার বলেছেন, পুরো ঘটনায় তিনি প্রচণ্ড ধাক্কা খেয়েছেন। কে বা কারা তার ওপর এমন হামলা চালাতে চাইবে, তা বুঝতে পারছেন না। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই বলেও জানিয়েছেন তিনি।

 

এ ঘটনায় টাইগারের গাড়িচালক ফিরদৌস বালোচ এবং ভ্লগার উমেশ চৌহানের বক্তব্য নথিভুক্ত করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে হামলার উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]