সাংবাদিকরা মা'দক থেকে যখন টাকা পাচ্ছেন না তখন লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৫:৩০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৫:৩০:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অনৈতিক সুবিধা বা টাকা না পেলেই সাংবাদিকদের একাংশ ‘পুলিশ অকার্যকর’ বলে সংবাদ প্রকাশ করেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আপনারা কথা বলছেন না, সেখান থেকে গোপনে টাকা নিচ্ছেন। সাংবাদিক সাহেবরা সেখান থেকে যখন পয়সা পাচ্ছেন না, তখন লিখছেন, এ দেশে পুলিশ অকার্যকর হয়ে গেছে।

 

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারের শাহজাহান ইমাম টাওয়ারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনের বিষয়ে আইজিপি বলেন, পুলিশ বেশি কড়াকড়ি করলে ‘ফ্যাসিস্ট’ এবং নরম ভূমিকা রাখলে ‘দুর্বল’ বলে সমালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সবুজ সংকেত পেলে পুলিশ ক্রসফায়ার চালাতেও পিছপা হবে না উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে আইন প্রয়োগের যথাযথ সুযোগ ও ক্ষমতায়ন না দিলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এ সময় গুজব ও অপপ্রচারে কান না দিয়ে আইন অনুযায়ী দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

মাদকের বিস্তার প্রসঙ্গে আইজিপি জানান, বিগত সরকারের আমলে পাড়া-মহল্লায় মাদকের ব্যাপক বিস্তার ঘটেছিল। তৎকালীন ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশের কিছু অসাধু সদস্যও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থেকে মাসোহারা নিতেন। তবে বর্তমান পুলিশ বাহিনী নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

 

জুলাই অভ্যুত্থানের পর পুলিশের সংকটময় পরিস্থিতির কথা উল্লেখ করে আইজিপি বলেন, সে সময় পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করতে ভয় পেতেন। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে পুলিশ দিন-রাত পরিশ্রম করছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]